‘সড়ক যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি হয়েছে’

 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বর্তমানে সারা দেশে সড়ক যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি হয়েছে। যার প্রমাণ এবার মানুষ সাচ্ছন্দে বাড়ি গিয়ে স্বজনদের সাথে ঈদ করতে পেরেছে। সড়ক পথে, রেলপথে ও নৌপথে যাত্রীদের কোনরকম অসুবিধা বা সমস্যার মুখোমুখি হতে হয়নি।’
 
রবিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ নির্বাচনী এলাকার রংমালা বাজার, মাওলা বাজারসহ বিভিন্ন এলাকার লোকজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিরোধী দল আজ বিভিন্ন ভাবে রাজনৈতিক সংকটে আছে। বিরোধী রাজনীতি অনেক দুর্বল হয়ে পড়েছে।
 

এদিকে ওবায়দুল কাদের সকালে মুসাপুর বাংলাবাজারে ঈদ পুর্নমিলনী ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ক্রেষ্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি ছাত্র শিক্ষক ও অভিভাবকদেরকে উচ্চ শিক্ষা ও মানসম্মত শিক্ষা লাভ করার আহ্বান জানান। এ সময় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সাল ও সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।