রাজন হত্যা: রুহুল আমিন ৭ দিনের রিমান্ডে

 
সিলেটে শিশু রাজনকে হত্যার ঘটনায় গ্রেফতার রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। রবিবার সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হক এ আদেশ দেন।
 
রুহুলের বিরুদ্ধে রাজনের বাবাকে মামলা না করতে ভয়-ভীতি দেখানো ও রাজনের মরদেহ গুম করতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
এ মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তরফদার জানান, শনিবার শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন করা হয়।
 

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।