‘বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারে ঈদের আনন্দ নেই’

 
বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারে এবার ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে। অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। অনেকে গুম-হত্যার শিকার। শত শত নেতকর্মী পঙ্গু। তাদের জীবনে ঈদ নেই। এসব পরিবারে ঈদের আনন্দ নেই। চেষ্টা করছি তাদের যতটুকু আনন্দ দেওয়া যায়। যতটুকু স্বান্তনা দেয়া যায়।’
 
রবিবার চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজের বাসভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে এ রকম পরিস্থিতি কখনও ছিল না। এত কঠিন সময় কেউ পার করেনি। এ রকম ঈদ কেউ কখনও দেখেনি।’
 

তিনি বলেন, ‘এটা শুধু বিএনপির সংগ্রাম না। গণতন্ত্র, আইনের শাসন, বাক ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার সংগ্রাম, বাংলাদেশের ১৬ কোটি মানুষের সংগ্রাম। জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা তাই অনেক বলীয়ান। অব্যাহতভাবে এই মুক্তির সংগ্রামে কাজ করে যেতে হবে। যতদিন মুক্তি না আসে ততদিন সবাইকে মিলেই এ সংগ্রামে ভূমিকা রাখতে হবে।’