দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যামেরিকান বন্দীদের কাজ করতে বাধ্য করার কারণে ক্ষমা চেয়েছে মিৎসুবিশি কর্পোরেশন।
জাপানি এই কোম্পানির একজন নির্বাহী কর্মকর্তা ওই সময়ে একজন যুদ্ধবন্দী ৯৪ বছর বয়সী জেমস মারফি এবং অন্যান্য বন্দীদের আত্মীয় স্বজনের কাছে এই ক্ষমা চান।
বিবিসির সংবাদদাতা বলেছেন, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সাইমন ভিজেনথাল সেন্টারে একটি অনুষ্ঠানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোম্পানিটির ভূমিকার কারণে তিনি তাদের গভীর অনুশোচনা প্রকাশ করেন।
যুদ্ধাপরাধের বিচারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা এর আগে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বন্দীদের কাছে জাপানের কোন কোম্পানি এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে যাচ্ছে।
তারা আশা করছেন, এর পর অন্যান্য কোম্পানিও একইভাবে তাদের ভূমিকার জন্যে ক্ষমা চাইবে।
তারা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৭০ বছর হতে যাচ্ছে আগামী অগাস্ট মাসে এবং তার আগে এই ক্ষমা প্রার্থনার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা।