প্রাক মৌসুম উত্তর আমেরিকা সফরটা যে খুব একটা সহজ হবে না তা ইতোমধ্যেই বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। তিন ম্যাচের এই প্রাক সফরকে সামনে রেখে রবিবার স্প্যানিশ জায়ান্টরা লস অ্যাঞ্জেলসে এসে পৌঁছেছে। মঙ্গলবার রোস বোলে মেজর লীগ সকার জায়ান্ট লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র মিশন শুরু করবে কাতালানরা।
এনরিকে এবং অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার নেতৃত্বে বার্সেলোনা হোটেলে পৌঁছাবার পরে ভক্ত সমর্থকরা উষ্ণ অর্ভথ্যনা জানিয়েছে। যদিও প্রাক মৌসুম এই সফরে নেই লিয়নেল মেসি, নেইমারদের মতো তারকারা। তাই স্বাভাবিকভাবেই তাদের নিয়ে ভক্তদের কৌতুহল মেটাতে হয়েছে এনরিকেকে। সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের কাছে এনরিকে বলেছেন, উত্তরটা খুবই সহজ। ব্যস্ত এক মৌসুম কাটানোর পরে আন্তর্জাতিক দায়িত্বে খেলোয়াড়রা এতটাই মগ্ন ছিল যে তাদের এই মুহূর্তে বিশ্রাম দেয়াটা জরুরি হয়ে পড়েছিল। বিশেষ করে কোপা আমেরিকায় অংশগ্রহণ করা খেলোয়াড়রা মূলত মৌসুম শেষে কোনো বিশ্রামই পাননি। সে কারণেই মেসি, নেইমার, গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো, মিডফিল্ডার জেভিয়ার মাসচেরানো এবং ফুল-ব্যাক ডানি আলভেজকে যুক্তরাষ্ট্র সফরে বিশ্রাম দেয়া হয়েছে। মোট কথা হচ্ছে এই খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন রয়েছে।
গ্যালাক্সির সাথে ম্যাচের পরে আগামী শনিবার এনএফএল এর দল স্যান ফ্যান্সিসকো ৪৯আরস এর ঘরের মাঠে বার্সেলোনা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে। ২৮ জুলাই শেষ ম্যাচে ওয়াশিংটন ডিসিতে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির মোকাবেলা করবে বার্সেলোনা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের অংশ হিসেবে ২ আগস্ট তারা ফ্লোরেন্সে ফিওরেনটিনার বিপক্ষে লড়বে।
এনরিকে বলেছেন, একজন কোচ হিসেবে আমি কখনই ট্যুরের পক্ষে নই। বিভিন্ন দেশে সফরে গেলে অনুশীলনের সময়ে বিঘ্ন ঘটে। বিভিন্ন কারণে কার্যত সেটা দলের উপর নেতিবাচক প্রভাবই ফেলে।