ঈদে মুজিবনগর স্মৃতিসৌধে পর্যটকের ঢল

 
পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে দেশের স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মেহেরপুরের মুজিবনগর। ঈদের ছুটিতে বেড়াতে যাওয়া মানুষগুলো ভিড় জমাচ্ছেন আম্রকাননে।
 
ঈদের পরদিন থেকে পর্যটকদের ভিড়ে কেদারগঞ্জ বাজার থেকে মুজিবনগর পযর্ন্ত প্রায় দুই কিলোমিটার প্রধান সড়ক যান চলাচল বন্ধ হয়ে গেছে। মুজিবনগর আম্রকাননের স্মৃতিসৌধ এক নজর দেখার জন্য সেখানে যাচ্ছেন পর্যটকরা। তাদের ভিড়ে মুজিবনগর আম্রকানন  যেন মিলন মেলায় পরিণত হয়েছে। স্মৃতিসৌধের পাদদেশে কিশোর কিশোরীরা নাচ গানের আয়োজন করে।
 
১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরের এই আম্রকাননে আনুষ্ঠানিকভাবে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হয়। বৈদ্যনাথতলা গ্রামের এই আম্রকাননকে ঘিরে গড়ে উঠেছে স্মৃতি সৌধ, স্মৃতি কমপ্লেক্স, ছয় স্তর বিশিষ্ট গোলাপ বাগান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি মানচিত্র। মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন এখানে।
 
পর্যটকদের ভালো লাগার পাশাপাশি অনেক সমস্যার কথাও বললেন তারা। মুজিবনগরকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পর্যটকরা।