আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মরদানায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে সেকেন্দার (৩৮) নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে তার পা কেটে ফেলা হয়েছে।
 
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগ নেতা সালামের সাথে সাবেক কাউন্সিলর পাশবানের বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে সোমবার সকাল ৭টার দিকে উভয়গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে মরদানার পুকুরপাড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। 
 
এসময় উভয়পক্ষ অন্তত ৩শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় এবং প্রায় ১০-১২টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙ্গচুর চালায়। এতে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। আহতরা গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলামের নেতৃত্বে ব্যাপক সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ঘটনাস্থল থেকে জানান, পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তিনি আরও জানান, দল বা নেতা বড় কথা নয় অপরাধীদের গ্রেফতারে পুলিশ কঠোর রয়েছে এবং অভিযান চালানো হচ্ছে। 
 
এদিকে গতকাল রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাউসনগর ও রানীনগর গ্রামের লোকজন সোমবার সকাল ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় ৫০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৫জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।