খুলনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার এসব ঘটনা ঘটে। অস্ত্রধারী ডাকাতদল এসব বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পুলিশ এসব ঘটনায় জড়িত কাউকেই গ্রেফতার বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোররাতে রূপসা উপজেলার পাঁচানি গ্রামের বাসিন্দা আব্দুস সালামের বাড়িতে মুখোশ পরা ৮/৯ জনের সশস্ত্র ডাকাতদল গ্লিল কেটে ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ দেড়লাখ টাকা এবং স্বর্ণালংকারসহ সাত লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
অপরদিকে, গত শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা কর্নেল (অব.) জালালউদ্দিন ও প্রবাসী আসিফ ইকবালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। প্রায় একই সময়ে রাত পৌঁনে একটার দিকে ডাকাতদল গ্লিল কেটে ওই দুই বাসার ভেতরে প্রবেশ করে প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।
কর্নেল (অব.) জালাল উদ্দিন জানান, ডাকাতদল তার ফ্ল্যাট থেকে ল্যাপটপ, আইফোন ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।ঘটনার একদিন আগে ঈদের ছুটিতে আসিফ ইকবাল স্বপরিবারে গ্রামের বাড়িতে যায়। এ ফ্ল্যাট থেকে তিনটি আইফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।