খুলনা নগরী ঘেঁষা রূপসা নদী থেকে রাসেল হাওলাদার (১৮) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর লবণচরা এলাকার পার্শ্ববর্তী ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাসেল নগরীর চাঁনমারী বাজার এলাকার বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার চাঁনরাত থেকে রাসেল নিখোঁজ ছিলেন। সোমবার সকালে নগরীর লবণচরা দশগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা পুনর্বাসন পল্লীর পাশে রূপসা নদীতে ভাসসান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
খুলনা থানার ডিউটি অফিসার এসআই ফারজানা জানান, এ ঘটনায় গতকাল রবিবার তার পিতা আব্দুস সালাম সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
ধারণা করা হচ্ছে, রাসেলকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।