গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

 
গাজীপুর মহানগরীর ইসলামপুর বাজারের পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শ্রী উজ্জ্বল চন্দ্র মোহন্ত (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি বগুড়ার গাবতলী থানার চামুরপাড়া গ্রামে। তিনি ইসলামপুর এলাকার বিহরী পালের বাড়িতে ভাড়া থাকতেন। 
 
জয়দেবপুর থানার এস আই মফিজুর রহমান জানান, গত রবিবার ঈদের পরদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হন উজ্জ্বল। এরপর মঙ্গলবার সকালে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।
 
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে গলায় একটি কালচে দাগ রয়েছে।
 
লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।