উত্তর কোরিয়া বলেছে, তারা ইরান ধরনের পরমাণু চুক্তিতে আগ্রহী নয়। দেশটি জোর দিয়ে বলেছে, ‘তারা ইতোমধ্যেই একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র।’
ইরানের সঙ্গে পশ্চিমাদের ঐতিহাসিক পরমাণু চুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়া এ মন্তব্য করলো। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এর খবরে এ কথা বলা হয়।
মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল কিংবা বন্ধ করার বিষয় নিয়ে আলোচনার জন্যে বৈঠকে বসতে তারা আগ্রহী নয়। এছাড়া ইরানের পরমাণু চুক্তির সঙ্গে উত্তর কোরিয়ার পরিস্থিতি মিলিয়ে দেখাটাও অযৌক্তিক। কারণ দুই দেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি আরো বলেন, নামে ও বাস্তবে উত্তর কোরিয়া একটি পরমাণু রাষ্ট্র এবং পরমাণু রাষ্ট্র হিসেবেই এর গুরুত্ব রয়েছে।
উল্লেখ্য, ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেহরান ও পিয়ংইয়ং ঘনিষ্ঠ দু্ই দেশ এবং দেশ দুটি তাদের বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে অর্থনৈতিক অবরোধেরও শিকার। উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে সফল পরমাণু পরীক্ষা চালিয়েছে।
খবর বাসসের।