সরকারি কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 
দেশের অধিকতর অগ্রগতিতে সরকারের লক্ষ্য অর্জনে আরো বেশি সক্রিয় হতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
 
শেখ হাসিনা বলেন, আমি জানি যে দায়িত্ব পালনকালে সরকারি কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা উভয়ই মোকাবেলা করতে হয়। তবে আপনাদের প্রথম দেশের কথা বিশেষ করে দরিদ্র ও শ্রমিক শ্রেণির বিষয় চিন্তা করতে হবে।
 
তিনি বলেন, আমরা কিভাবে টিকে থাকবো এটা বড় বিষয় নয়। কম সুবিধাভোগী এবং দরিদ্র ও অতি দরিদ্রদের নিয়ে আমাদের ভাবতে হবে। তাদের ভাগ্যের পরিবর্তন করাই হবে আমাদের দায়িত্ব।
 
প্রধানমন্ত্রী বলেন, সকল সামাজিক খাতে ব্যাপক সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি দৃঢ় বিশ্বাসী যে, আমরা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
 
পদ্মা সেতু নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, এই মেগা প্রকল্প আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমরা ঘোষণা দিয়েছিলাম যে, এটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করবো। আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করেছি। আমরা যেমন পদ্মা সেতুর মতো একটি বড় প্রকল্প বাস্তবায়ন করছি, সরকারি কর্মকর্তাদের মাঝেও এই ধরনের আস্থা থাকতে হবে।-বাসস।