ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির বিরুদ্ধে জোটভুক্ত দলগুলোর প্রতি অবহেলা ও অগ্রাহ্য মনোভাব পোষণ করার অভিযোগ এনেছে দলটির প্রতি ক্ষুব্ধ শিব সেনা। জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) সভায় এ অভিযোগ এনেছে দলটি। এ সময় মোর্চার আহ্বায়কের পদ দাবি করে তারা। খবর এনডিটিভির।
বিজেপির সবচেয়ে পুরনো মিত্র শিব সেনাসহ মোর্চার সবগুলো দল এ বৈঠকে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোদি পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে জোটের দলগুলোকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। এ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
বৈঠকে শিব সেনা তীব্র সমালোচনা করে জোটের মধ্যে সমন্বয়ের অভাব থাকার কথা তুলে ধরে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘যদি কোনো বিষয়ে মিত্রদের মধ্যে মতপার্থক্য আবির্ভূত হয়, তবে তাকে যেন জানানো হয়।’ এ সময় তিনি উদ্ভূত ইস্যু নিয়ে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
মোর্চার সদস্য বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়াহা বলেন, ‘এনডিএ দুর্বল হয়ে পড়লে বিজেপিকে তার ফলাফল ভোগ করতে হবে।’
শিব সেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত বলেন, ‘বিজেপি নেতাদের বিরুদ্ধে বিরোধী দল যখন বিক্ষোভ করে, তখন সেটি মোকাবিলা করার কৌশল নিয়ে কোনো পরামর্শ করা হয় না।’ তাই এ ধরনের বিষয়ে জোটের সবাইকে এক সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান রাউত।