ঈদুল ফিতরের ছুটি শেষে লেনদেনের প্রথম দিনে পুঁজিবাজারে চাঙাভাব দেখা গেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ৭৫ পয়েন্ট বেড়েছে। এতে ডিএসইর সূচক সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। ডিএসইতে লেনদেনও হয়েছে ৫০০ কোটি টাকার কাছাকাছি। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক বেড়েছে ২২৬ পয়েন্ট।
এ দিকে, স্পট মার্কেট থেকে স্বাভাবিক লেনদেনে ফিরিয়ে আনার পরই শাহজিবাজার পাওয়ার কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ১০ শতাংশ। দর কমার ক্ষেত্রে শীর্ষে ছিল প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। আর লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি। লাফার্জের শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ১৭ লাখ টাকার।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের কর্মদিবসের চেয়ে ২৭ কোটি ৯৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের কর্মদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।