এসিড মিশ্রিত পানি: বেনাপোলে রোগব্যাধি

টানা বর্ষণে বেনাপোল স্থলবন্দরের এসিড মিশ্রিত পানি বন্দরের পিছনে বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের মধ্যে ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছের ওই গ্রামের বাসিন্দারা। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় গ্রামের পূর্ব পাড়ার শতাধিক ঘর-বাড়ির মানুষ এখনো পানিবন্দী হয়ে রয়েছে। বিষয়টি বন্দর ও পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
 
বেনাপোল বন্দরের বাইপাস রোডের ট্রাক টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন এসিডের ড্রাম কন্টেইনার টার্মিনালে খোলা আকাশের নিচে পড়ে আছে। অনেক ড্রামের মুখ খোলা থাকায় টানা বৃষ্টির পানির সঙ্গে এসিড মিশ্রিত পানি বন্দরের প্রাচীরের নিচ দিয়ে পার্শ্ববর্তী বড়আঁচড়ার পূর্ব পাড়ার বদরুল আলম, আমেনা খাতুন, জব্বার, করিম, আফজাল, আমিরুল, কওসার, জাহানারা, লিয়াকত, আনিচুর, মোতাহার, ইদ্রিস মাষ্টার, রুহুল আমিন, শামিম ও শাহাদতের বাড়িতে ঢুকে পড়ে। এসব বাড়ির নিচ তলায় এখনো এসিড মিশ্রিত পানি জমে রয়েছে। এতে করে নানা ধরনের রোগ ব্যধির সৃষ্টি হচ্ছে।
 
বড়আঁচড়া গ্রামের ওয়ার্ড পৌর কাউন্সিলর আব্দুল জব্বার বলেন, ‘বিষয়টি কয়েকবার আমরা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি। বারংবার আশ্বাস দিলেও কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না। এর আগেও গ্রামের লোকজন এ ঘটনায় বন্দর ঘেরাও করেছিল।’  
 
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন জানান, গ্রামবাসীর আবেদন ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।