চীনের সাবেক প্রেসিডেন্টের সহযোগী গ্রেফতার

 
ঘুষ ও অবৈধ শারীরিক সম্পর্কের দায়ে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ঘনিষ্ঠ সহযোগী লিং জিহুয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তাকে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল। খবর বিবিসির।
 
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গত সোমবার জানিয়েছে, জিহুয়ার বিরুদ্ধে ঘুষ নেয়া ও অবৈধ শারীরিক সম্পর্কের ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চালানো দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে জিহুয়াকে গ্রেফতার করা হয়।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে জিহুয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জিহুয়া চীনা কমিউনিস্ট পার্টির নিয়মনীতি ভঙ্গ করেছেন। তিনি গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগে অনৈতিক সুবিধা নিয়েছেন। নিজে ও পরিবারের সদস্যদের মাধ্যমে ঘুষ নিয়েছেন।
 
এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ শারীরিক সম্পর্ক ও স্ত্রীর ব্যবসায়ে সুবিধা দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
 
শুধু জিহুয়াই নন, তার ভাই লিং জেনসির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের তদন্ত করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি।