রাজশাহীর চারঘাটে জঙ্গি সংগঠন ইসলামিক লিবারেশন ফ্রন্টের (আইএলএফ) সদস্য সন্দেহে এক কলেজ শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার উপজেলার ডাকরা এলাকা থেকে চারঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ওই শিক্ষকের নাম দুরুল হুদা। তিনি উপজেলার ডাকরা পাগলপাড়ার বাসিন্দা এবং উপজেলার এম এ হাদী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুরুল হুদা জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার একটি ভাড়া বাড়িতে থেকে আইএলএফের হয়ে সদস্য সংগ্রহ করতেন। পুলিশ তাকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিল। তাকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার ডাকরা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘গ্রেফতারকৃত দুরুল হুদা স্থানীয় জামায়াতের একজন সক্রিয় সদস্যও। তার বিরুদ্ধে চারঘাট থানায় নাশকতার মামলা রয়েছে। আপাতত তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হবে।
তবে জামায়াতের স্থানীয় আমীর নাজমুল হকের দাবি, দুরুল হুদা জামায়াতের কোনো পর্যায়ের সদস্যও নন।
চারঘাট এম এ হাদী কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা সেলিম জানান, দুরুল হুদার কর্মকাণ্ড কখনো জঙ্গি বলে মনে হয়নি। এ ছাড়া তিনি নিয়মিত কলেজে ক্লাস নিতেন।