রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম শাহাদত হোসেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে পুলিশ গাবতলীর শাপলা জাহাজ ঘাট (বালুঘাট) এলাকার রুস্ত কোম্পানীর গদি ঘরের সামনে থেকে তার লাশ উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তার ডান গালসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
নিহতের খালু আব্দুল লতিফ জানান, নিহত শাহাদাতের বাবা হাফিজুল ইসলাম ওই এলাকারই ঘাট শ্রমিক। শাহদত তার বাবার জন্য খাবার নিয়ে আসলে দুর্বৃত্তরা শাহাদাতকে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্বরত চিকিত্সক মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি নওগাঁর রানীগঞ্জ উপজেলার খাগড়া গ্রামে। সে তার পরিবারের সঙ্গে ১৬০ বাগবাড়ি উত্তরপাড়া দারুসসালাম এলাকায় থাকতো।
দারুসসালাম থানার এসআই জাহানুর আলী জানান, হত্যার ধরন দেখে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যঅ করেছে সে ব্যপারে কোনো তথ্য জানা যায়নি। এঘটনার পর থেকে পুলিশ ওই এলাকায় হত্যার কারণ সম্পর্কে তথ্য নিচ্ছে।