সাভারে নেশার টাকার জন্য কিশোরকে পিটিয়ে হত্যা

সাভারে নেশার টাকা না পেয়ে সাগর মিয়া (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে উত্পল মজুমদার (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 
গতকাল মঙ্গলবার সাভার পৌর এলাকার বক্তারপুর ও আড়াপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত সাগরের বাবা নজরুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তার ছেলে সাগরের কাছে নেশার জন্য কয়েক হাজার টাকা চেয়ে আসছিল বক্তারপুর এলাকার এক দল বখাটে যুবক। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে সকালে তার ছেলেকে বক্তারপুর এলাকায় একা পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে বখাটে যুবকরা। এ সময় সাগরের চিত্কারে তার মা তারা বানু বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে জখম করে বখাটে যুবকরা পালিয়ে যায়। পরে সাগরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
 
অন্যদিকে সকালে আড়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে উত্পল মজুমদার নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মৃতদেহটি মর্গে পাঠানো হয়।
 

সাভার মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে।