তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ উন্নয়নে বাংলাদেশ ও সিলিকন ভ্যালির যৌথ রূপরেখা

তথ্যপ্রযুক্তি খাতের পরবর্তী গন্তব্যস্থল হিসেবে বাংলাদেশকে এরই মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ, পলিসি সাপোর্ট, ভেঞ্চার ক্যাপিটার পলিসি, নিরবচ্ছিন্ন বিদ্যুত্, ১১ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক, ৪ কোটির বেশির ইন্টারনেট ব্যবহারকারী, আইসিটিতে ২০২৪ সাল পর্যন্ত আয়কর অব্যাহতিসহ সরকারি-বেসরকারি নানা সহায়তা বাংলাদেশে বিনিয়োগের দারুণ ক্ষেত্র তৈরি হয়েছে।
 

সম্প্রতি দ্য ইন্দাস এন্টারপ্রেওনারস (টিআইই) সিলিকন ভ্যালিতে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ) আয়োজিত বার্ষিক সম্মেলনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্টজনেরা এসব কথা বলেন। ‘অংশিদারিত্ব, উদ্যোক্তা ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ ও সিলিকন ভ্যালির মধ্যে সুদৃঢ় বন্ধন গড়ে তোলা’ শীর্ষক এক সম্মেলনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিস সভাপতি শামীম আহসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, এএবিইএ উপদেষ্টা এম হেলাল, টাই সিলিকন ভ্যালির সভাপতি বিনোদ শুক্লা এবং ফিনক্স ভেঞ্চারের কাইলে ক্লিং। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এএবিইএ উপদেষ্টা জাহাঙ্গীর দেওয়ান।