সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলবে না। আজ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে এক সভাশেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অভিযান চালানোর ফলে এবার মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক অটোরিকশা চলাচল কমে গেছে। কিন্তু নতুন উপসর্গ সিএনজি অটোরিকশা। এগুলো দুর্ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাইপাইল পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছরের শুরুতে এর কাজ শুরু হবে।
মন্ত্রী বলেন, ধাপে ধাপে দেশের সকল মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হতে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে বনপাড়া-হাটিকুমরুল সড়কও চার লেনে উন্নীত করা হবে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের ১৪৩ কিলোমিটার কাজ শেষ হয়েছে। পাশাপাশি ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শেষ হয়েছে। জাইকার অর্থায়নে এই মহাসড়কে ২য় কাঁচপুর সেতু, ২য় মেঘনা সেতু ও ২য় গোমতী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর দরপত্র আহ্বানসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছরের সেপ্টেম্বরে সেতু তিনটির নির্মাণকাজ শুরু হবে।