সংঘাতের কারণে খাদ্য সংকটে থাকা ইয়েমেনের এডেন বন্দরে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণবাহী একটি জাহাজ। খবর বিবিসির।
চলতি বছেরের মার্চে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো খাদ্য সরবরাহের জন্য জাতিসংঘের একটি ত্রাণবাহী জাহাজ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে নোঙ্গর করেছে। জাতিসংঘের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আরো একটি ত্রাণবাহী জাহাজকে অনুসরণ করে একই দিন সেখানে পৌঁছায়। সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা এবং স্থানীয় আধা-সামরিক গোষ্ঠী ও হুতি বিদ্রোহীদের মধ্যে ভীতিকর সংঘর্ষের কারণে বন্দর এখন পর্যন্ত প্রবেশের অযোগ্য।
ইয়েমেনের ২৫ লাখ মানুষের ৮০ ভাগেরও বেশি এখন মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি (১৩ লাখ) মানুষ খাদ্য সংকটের মুখে রয়েছে। জাতিসংঘের জাহাজটি ৪ হাজার ৭০০ টন খাদ্য বহন করছে, যা ১ লাখ ৮০ হাজার মানুষের এক মাস খাওয়ার জন্য যথেষ্ট। এ ছাড়া, এতে ওষুধ সহায়তাও রয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক মুহান্নাদ হাদি বলেছেন, ‘এটা আমাদের মানবিক প্রতিক্রিয়ার একটা বড় ধরনের সাফল্য।’