রাজন হত্যার বিচার দ্রুত বিচার আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অতি শিগগিরই রাজন হত্যা মামলার আসামি কামরুলকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। রাজন হত্যা মামলার বিচার দ্রুত বিচার আইনে হবে।

বুধবার বিকেল ৩টায় সিলেটে শিশু সামিউল আলম রাজনের বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকের উদ্দেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করে তিনি রাজনের মা-বাবাকে শান্ত্বনা দেন এবং তাদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো আর রাজনকে ফিরিয়ে আনতে পারব না। তবে রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করে এমন নজির স্থাপন করব যাতে করে ভবিষ্যতে আর কেউ শিশু নির্যাতনের সাহস না পায়।
 
এ সময় সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান উপস্থিত ছিলেন।
 
এদিকে বুধবার বিকেল ৩টা থেকে সিলেট মহানগর হাকিম আদালত-৩ এ ফোজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শুরু করেছেন মামলার মূল আসামি কামরুলের ছোটভাই মুহিত।
 
বিকেল ৩টার দিকে তাকে আদালতে উপস্থিত করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।