ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর হত্যাকাণ্ডের সাথে বিদেশি নাগরিকরা জড়িত। হত্যাকারীদের প্রতি কোন প্রকার অনুকম্পা না দেখানোর জন্য সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারতের সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার বলেন, 'আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করতে দেশের বাইরে ষড়যন্ত্র করা হয়। এই অভিযুক্তরাই সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। এদের কি ধরনের দয়া দেখাতে হবে?'
প্রধান বিচারপতি এইচএল দত্তের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চে তামিলনাড়ু সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রের পিটিশনের শুনানিকালে তিনি এসব কথা বলেন।
তামিলনাড়ু সরকার হত্যাকাণ্ডে জড়িতদের যাবজ্জীবন কারাদণ্ড মওকুফ করে তাদের ছেড়ে দিতে আগ্রহী। কিন্তু কেন্দ্র এর বিপক্ষে অবস্থান নেয়। কেন্দ্র বলছে, রাজীব গান্ধীর হত্যাকাণ্ড তদন্ত করেছে সিবিআই। রাজ্য পুলিশ নয়। ফলে দিল্লির অনুমতি ছাড়া রাজ্য এসব আসামীকে ছেড়ে দিতে পারেনা।
উল্লেখ্য, আসামী ৭ জনের মধ্যে ভি শ্রীহরণ ওরফে মুরুগান, সান্তান, রবার্ট পায়াস ও জয় কুমার শ্রীলঙ্কার নাগরিক। আর নালিনি, রবিচন্দ্রন ও আরিভু ভারতীয় নাগরিক। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস