‘হাসপাতালে অপ্রয়োজনে যন্ত্রপাতি কিনলে ব্যবস্থা নেয়া হবে’

 

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘হাসপাতালে অপ্রয়োজনে যন্ত্রপাতি ক্রয় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারি নীতিমালা সম্পূর্ণ মেনে ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

 

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত্ পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। বর্তমান অর্থবছরে স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার নিরূপনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন যন্ত্র স্থাপনের পূর্বে পুরানো মেশিন কেন নষ্ট হলো, তা খতিয়ে দেখতে হবে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালে এগুলো চালানোর জনবল আছে কি না, তা নিশ্চিত করতে হবে।’

 

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মনজুুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।