কুমিল্লায় যৌতুকের দাবিতে জুলেখা বেগম নামে অন্তঃস্বত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের শ্বশুর আইয়ুব আলীকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে জুলেখা বেগমের (২০) সাথে ও আদর্শ সদর উপজেলার দৌলতপুরের আইয়ুব আলীর ছেলে ফজলে রাব্বীর (২৯) পারিবারিকভাবে বিয়ে হয়।
নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, যৌতুকের টাকা নিয়ে জুলেখা বেগমের সাথে তার স্বামী-শ্বশুর ও শ্বাশুরী, ভাসুর আরিফসহ পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও ঝগড়াঝাটি চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে তার ওপর অমানষিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত জুলেখা ৭ মাসের অন্তঃস্বত্ত্ব ছিল।
খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ বুধবার দুপুরের দিকে নিহত জুলেখা বেগমের লাশ তার স্বামীর ঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুরকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।