ঢাকা-মাওয়া মহাসড়ক ১ ঘন্টা বন্ধ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৭

ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলীতে বুধবার বিকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এই ঘটনায় উত্তেজিত জনতা যানবাহন ভাংচুর করে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। দু’পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছে- লেগুনা চালক শ্রীনগর উপজেলার হাসাড়ার মঞ্জু মিয়ার পুত্র মো. এরশাদ (৩৫), লেগুনা যাত্রী একই গ্রামের রব্বেজ মিয়ার পুত্র রাসেল মিয়া (৩০) ও তার স্ত্রী সিমা বেগম, রাসেলের বোনের মেয়ে আলো (১০), শিপ্রা মন্ডল (২৮), আলামিন (১৪)এবং সিরাজদিখান উপজেলার লক্ষীবিলাস গ্রামের দুলাল মিয়ার কন্যা মাধুরী আক্তার (১৮)।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে ৪ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আলো নামে আরও এক শিশু মারা যান এবং রাতে ঢাকার মিডর্ফোট হাসপাতালে আরও দু’জন মারা যান। হতহতের অধিকাংশই লেগুনা আরোহী। আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনাটি আটক করা হয়েছে।