জয়পুরহাট বিদ্যুৎ বিভাগে তেলেসমাতি কারবার

নতুন মিটার লাগানো হলেও বিল হচ্ছে পুরনো মিটারে

জয়পুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র নতুন মিটার লাগিয়েছে এক বছর পার হলো। কিন্তু বিল হচ্ছে পুরনো মিটারে। স্থানীয় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গ্রাহক হয়রানির নানা অভিযোগ থাকলেও দেখার কেউ নাই।

অভিযোগ উঠেছে মিটার রিডারদের মিটার দেখে বিল করার নিয়ম থাকলেও তা না করে তারা বিল করছে মনগড়াভাবে। জেলা শহরের বামনকুন্ডা গ্রামের বিদ্যুৎ গ্রাহক সাইদুল ইসলামের (সাচ্চু) বাড়ির ৩৯৬৫৫ নং মিটারটি হঠাৎ করে আগুন লেগে গতবছর ১৮ আগষ্ট পুড়ে যায়। এ অবস্থায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের পরামর্শ অনুযায়ী পরেরদিন নর্দান কোম্পানির একটি ডিজিটাল মিটার ( যার নং ২৩৭১০৭) কিনে স্থানীয় বিদ্যুৎ অফিসে জমা দেয়া হয়। মিটারটি পরীক্ষার পর ওই দিনই বিদ্যুৎ বিভাগ থেকে পুড়ে যাওয়া মিটার পরিবর্তন করে নতুন মিটার লাগিয়ে দেয় সংশ্লিষ্ট লাইনম্যানরা। সাইদুল ইসলাম (সাচ্চু) জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন পুড়ে যাওয়া মিটারটিও নিয়ে গেছে কাজের কথা বলে। কিন্তু লেজারে নতুন মিটার লাগানোর বিষয়টি তোলা হয়নি। ফলে পুড়ে যাওয়া ওই মিটারেই বিল আসে এবং গ্রাহকও তা পরিশোধ করে আসছে। তুলনামূলক বিল বেশী এলেও এ বিষয়ে পরিপূর্ণ ধারণা না থাকার কারনে গ্রাহকও বিষয়টি বুঝতে পারেনি।
চলতি জুলাই মাসে বিদ্যুৎ বিভাগের অন্য লোকজন মিটার চেক করতে এলে বিষয়টি ধরা পড়ে। এবং তারপর উল্টো তারা গ্রাহককেই ধমক দেয়। নির্দেশ দিয়ে বলা হয় অফিসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করার জন্য। সাইদুল ইসলাম (সাচ্চু)  জানান, এতোদিন ধরে বেশী বিল দেয়ার টাকা ফেরৎ দিবে কে?
এ ছাড়াও বিল কম আসতে আসতে হঠাৎ করে বেশী বিল আসার অভিযোগ করেন বিশ্বাসপাড়া মহল্লার গ্রাহক আমজাদ হোসেন, ফজলুর  রহমান ও তোফাজ্জল হোসেন। বিদ্যুৎ বিলের কাগজ বগুড়া থেকে প্রিন্ট হয়ে আসার কারনে গ্রাহক হয়রানির যেন শেষ থাকে না তার সমাধান পেতে। বিদ্যুৎ বিলে কোনরকম সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য গ্রাহকদের চরম হয়রানির অভিযোগ করেন আব্দুর রহমান রনি ও আবু মুছা। জেলার কয়েক হাজার গ্রাহক বিল নিয়ে হয়রানির শিকার হলেও দেখার কেউ নেই বলে অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাহকরা।

এ সব গ্রাহকের হয়রানির বিষয়ে জিজ্ঞাসা করা হলে জয়পুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। মিটার দেখে বিল করার নিয়ম এবং তা হচ্ছে কিনা তিনি ক্ষতিয়ে দেখবেন।