রাজন হত্যার বিচারে ব্যবস্থা নেয়া হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিশু রাজন হত্যাকাণ্ড জঘন্যতম, পৈশাচিক। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। তিনি বলেন, এই বিচারে যাতে দৃষ্টান্ত স্থাপিত হয় এবং এরকম জঘন্য অপরাধে কেউ যাতে জড়ানোর দুঃসাহস দেখাতে না পারে সেই ব্যবস্থা নেয়া হবে।

 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে আদালতে ৬ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জড়িত কোনো দুষ্কৃতকারী পালানোর সুযোগ পাবে না। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। মন্ত্রী প্রশ্ন করে বলেন, যারা এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, যারা স্বচক্ষে রাজন হত্যাকাণ্ড দেখেছে, তাদের মনে কি বিন্দুমাত্র দাগ কটেনি?
 
তিনি গতকাল বুধবার বিকালে সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজনের মা-বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে স্থানীয় এলাকাবাসী আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনের বাড়ি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে পৌঁছেন। রাজনের মা-বাবা মন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মন্ত্রীর আগমনের খবরে রাজনের বাড়িতে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। মন্ত্রী রাজনের পরিবারকে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। সিলেটে ৩ দিনের সফরে গতকাল বেলা আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেন মন্ত্রী।
 
রাজন হত্যার ১৫ দিন পরও পুলিশের গাফিলতি ও উেকাচ গ্রহণের
 
বিষয়ে তদন্ত চলছে
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজন হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি ও উেকাচ গ্রহণের বিষয়ে তদন্ত চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বুধবার তিন দিনের সফরে সিলেট পৌঁছে নির্ধারিত কর্মসূচির বাইরে মন্ত্রী রাজনের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন। মন্ত্রী বলেন, রাজন হত্যায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। দায়িদের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। সৌদিতে আটক কামরুল ইসলামকেও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এইক্ষেত্রে আইনি কিছু জটিলতা রয়েছে। এসব শেষ করে শিগগিরই তাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখী করা হবে। রাজন হত্যা মামলার সকল নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও তলব করা হয় বলে তিনি জানান।
 

বুধবার দুপুরে নিহত রাজনের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের বাদে আলী গ্রামে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাবা-মাকে সান্ত্বনা দেন।