ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় কলেজছাত্রসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হন। যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ওই দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত দুইজন হলেন- দরবেশ মিয়া (৪০) ও ইনজামামুল হক (২০)। দরবেশ মিয়ার বাড়ির ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। ইনজামামুলের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
 
সরাইল খাঁটিহাতা হাইওয়ের পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ব্রাক্ষণবাড়িয়া অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।