ঋণ সংকট: গ্রিসের পার্লামেন্টে দ্বিতীয় বিল পাস

 
গ্রিসের পার্লামেন্টে দ্বিতীয় দফায় আর্থিক সংস্কারের বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
 
বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি পাস হওয়ায় বেইল আউট নিয়ে আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে গ্রিসের আবার আলোচনা শুরু হবে।
 
বিলটির পক্ষে ২৩০টি ভোট পড়েছে আর বিপক্ষে ছিল ৬৩টি ভোট। পাঁচজন ভোট বর্জন করেন। প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের নিজ দল সিরিজা পার্টির ৩০ এমপি তার পরিকল্পনার বিপক্ষে ভোট দিয়েছেন।
 
এদিকে গ্রিসের ব্যাংকগুলোকে বাঁচাতে নগদ ঋণ সহায়তার পরিমাণ বাড়িয়ে ৯০ কোটি ইউরো করেছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক। অর্থ সহায়তার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আবার আলাপ হবে শুক্রবার।
 
গত ১৩ জুলাই গ্রিসের সঙ্গে ঋণদাতাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, তাদের কাছ থেকে তৃতীয় দফায় ঋণ পাওয়ার জন্য গ্রিসকে বিচার বিভাগ, সরকারি নিলাম ব্যবস্থার সংস্কার এবং ব্যাংকগুলোর তারল্য ধরে রাখার মতো বিভিন্ন সংস্কার কাজ করতে হবে।
 
এসব সংস্কারের পক্ষে সম্মতি নেওয়ার লক্ষ্যে মঙ্গলবার গ্রিসের পার্লামেন্টে দ্বিতীয় বিলটি উত্থাপন করা হয়। সূত্র: বিবিসি।