কিবরিয়া হত্যা মামলা: অভিযোগ গঠন ফের পেছাল

 
সিলেটে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়ে গেছে। নতুন দিন ধার্য করা হয়েছে ৩ আগস্ট। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এই আদেশ দেন।
 
আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও কারা কর্তৃপক্ষ আসামিদের সবাইকে হাজির করতে না পারায় অভিযোগ গঠনের জন্য নতুন দিন ধার্য করেছে। ঐদিন সব আসামিকে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।
 
আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, ‘অসুস্থতার’ কারণে সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে আজ হাজির করা যায়নি বলে আদালতকে জানানো হয়েছে।
 
এর আগে গত ৬ ও ১৪ জুলাই ৩২ আসামির সবাই উপস্থিত না থাকায় অভিযোগ গঠন পিছিয়ে দেয়া হয়।
 
মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে এবং ১৪ জন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ঐদিন রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
 
২০১৪ সালে ডিসেম্বরে  ৩৫ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়।
 
মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য গত ৩ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ থেকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।