সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ আগামী ডিসেম্বরেই শুরু হবে। ডিপজিট ওয়ার্ক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী এই কাজটি করবে।’
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দুর্ঘটনাস্থল নিমতলী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এই মহাসড়ক চার লেন করার ব্যাপরে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু পদ্মা সেতু নির্মাণই নয় এই সেতু কেন্দ্রিক অন্যান্য সকল কাজ যথা সময়ে সম্পন্ন করা হবে।’
মন্ত্রী বলেন, ‘পয়লা আগস্ট থেকে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলবে না। তাই আগামী পয়লা আগস্ট থেকে সিএনজি অটোরিক্সা বন্ধের অভিযানের পাশাপাশি আগে থেকেই নিষিদ্ধ নসিমন করিমনের বিরুদ্ধেও অভিযান চলমান থাকবে।’
তিনি মন্তব্য করেন, এসব মোটর যানের কারণেই মহাসড়কে বেশী দুর্ঘটনা ঘটছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।