দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

 
দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। চা পানের বিরতির আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২৩ রান সংগ্রহ করেছে তারা।
 
এর আগে দুই দলের প্রথম ইনিংসের খেলা শেষে ৭৮ রানের লিড পায় স্বাগতিকরা। ম্যাচের তৃতীয় দিনে এসে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। সব উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে তারা। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ২৪৮ রান।
 
আগের দিনের ১৭৯/৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন দলীয় স্কোরে মাত্র ১৬ রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ডেল স্টেইনের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। আম্পায়ার অবশ্য নট আউট দিয়েছিলেন, কিন্তু রিভিউ নিতে দেরি করেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। এরপর সাকিব আল হাসান ও লিটন দাস মিলে গড়েন ৮২ রানের একটি কার্যকরি জুটি। সেই সঙ্গে লিডও নেয় বাংলাদেশ। কিন্তু হঠাত্ করেই রানের জন্য অস্থির হয়ে ওঠেন সাকিব আল হাসান। ফলাফলও পান হাতেনাতেই। হারমারের বলে ১৫ গজের মধ্যেই ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। এর আগেও একই ধরনের শট খেলতে গিয়ে বল আকাশে ভাসিয়েছিলেন। তবে সে যাত্রায় ‘নো ম্যানস ল্যান্ডে’ পড়ায় বেঁচে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলীয় স্কোর তখন ২৭৭ রান। অপরপ্রান্তে থাকা লিটন দাসের সঙ্গে যোগ দেন মোহাম্মদ শাহিদ। ১৯ বলে ২৫ রান তুলে আউট হন এই ব্যাটসম্যান। তবে দলের স্কোরকে নিয়ে যান তিন’শর ওপরে। এরপর ব্যক্তিগত অর্ধশতক করে লিটন দাসও আউট হলে আরো বড় স্কোরের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশে। ৩২৬ রানেই শেষ হয়ে যায় প্রথম ইনিংস।
 
 
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হাশিম আমলা। স্বাগতিকদের বোলিং তোপের মুখে প্রথম ইনিংসে ২৪৮ রান করতে সক্ষম হন প্রোটিয়ারা। মুস্তাফিজ ও জুবায়েরের অসাধারণ নৈপুণ্যে প্রথম দিনেই দুই ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। পরে দ্বিতীয় দিনও পুরোটাই ব্যাটিং করে টাইগাররা। তৃতীয় দিনের শুরুটা করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।