কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পারভেজ হোসেন (৩০) নামে ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ পারভেজ হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার ইন্দবতি এলাকার বাসিন্দা। আটককৃতরা হলেন- কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার আবুল কালামের পুত্র আবু তাহের (২৮) ও বাদশাঘোনা এলাকার শাহ আলমের পুত্র আবদুল মালেক (২৪)।
ট্যুরিস্ট পুলিশের এসপি নওরোজ হোসেন তালুকদার বলেন, সকালে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট মোড়ে ৪-৫ জন ছিনতাইকারী জাকির হোসেন নামে এক পর্যটকের গতিরোধ করে টাকা ও মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা পালানোর সময় পর্যটকের চিৎকারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করে দুইজনকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা কনস্টেবল পারভেজকে পেছন দিকে দিয়ে ছুরিকাঘাত করে।
পরে প্রত্যক্ষদর্শী ও পুলিশ এসে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।