প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। গতকাল সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্কালে দেবী শেঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিত্সা প্রদানকারী বাংলাদেশি চিকিত্সকদের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের চিকিত্সকরা অসাধারণ চিকিত্সা প্রদান করেছে। এর চেয়ে ভালো চিকিত্সা আপনি এমনকি উন্নত দেশগুলোতেও আশা করতে পারেন না। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ডা. শেঠি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সর্বশেষ অবস্থা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি উন্নত চিকিত্সার জন্য মন্ত্রীকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, এমন একজন খ্যাতনামা ব্যক্তির চিকিত্সা করতে স্থানীয় চিকিত্সকগণকে অনেক চাপের মধ্য দিয়ে কাজ করতে হয়। প্রধানমন্ত্রী সেতুমন্ত্রীর চিকিত্সার জন্য ডাকে দ্রুত সাড়া দিয়ে বাংলাদেশে আসা ডা. শেঠিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওবায়দুল কাদেরের চিকিত্সার ব্যাপারে আপনার মতামত শুনতে আমি উদ্গ্রীব ছিলাম। এর জবাবে শেঠী বলেন, আপনি যখনই ডাকবেন আমি বাংলাদেশে আসব। প্রধানমন্ত্রী শেঠির সঙ্গে দেশের চিকিত্সাসেবা সম্পর্কে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে বলেন, চিকিত্সা বিদ্যার শিক্ষার্থীরা যাতে স্নাতকোত্তর ও গবেষণার বিষয় এখানে সম্পন্ন করতে পারে এজন্য দেশে প্রথম এ ধরনের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম ও রাজশাহীতেও এ ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভারতের হূদরোগ বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রভূত উন্নতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুরে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডা. শেঠি ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষার পর তার পরামর্শে অসুস্থ মন্ত্রীকে চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
ইত্তেফাক/আরকেজি