পেশোয়ারে স্কুলে হামলার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। জাতীয় নিরাপত্তা সচিব পর্যায়ের বৈঠকের আগে ভারতের বিরুদ্ধে এও অভিযোগ করল দেশটি। — খবর আনন্দবাজার পত্রিকার
গত বছর ডিসেম্বর মাসে পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলায় মৃত্যু হয় প্রায় শ’দেড়েক মানুষের। এদের মধ্যে বেশির ভাগই ছিল ওই স্কুলের ছাত্র। হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালিবান। পাক সেনার হাতে নিহত হন হামলার মূল পরিকল্পনাকারী রেডিও মোল্লা। এমন কি ওই হামলায় জড়িত বেশির ভাগ জঙ্গিকেই হয় মেরে ফেলা হয়েছে, নয়ত গ্রেফতার করা হয়েছে বলে দাবিও করেছিল পাকিস্তান সেনাবাহিনী।
আসন্ন সচিব পর্যায়ের বৈঠকের আগে ভারতকে চাপে রাখতেই পাকিস্তানের এই পদক্ষেপ বলে ভারতের দাবি।
ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার উফায় বৈঠকে বসেন নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফ। সেই বৈঠকেই ওই উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে সম্মত হয় দুই দেশ। আগামী মাসে ওই বৈঠক হওয়ার কথা।