কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

 
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের ৯০তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় শহীদ তাজউদ্দীন আহমদের স্মরণে ‘বঙ্গতাজ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গতাজ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কাপাসিয়া ধান বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর মিঠু প্রমুখ।