রাজউক ভবনে টেন্ডারবাজি, আটক ৬

 
 
 
রাজধানীর রাজউক ভবনে টেন্ডারবাজি করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়েছে ৬ জন। তাদেরকে গ্রেফতার করে মতিঝিল থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন কাজী মাজহারুল ইসলাম গোফরান (৫৭), মিজানুর রহমান মানিক (৫৬), রাসেল (২৯), খায়রুল আলম তুহিন (৩৭), সেলিম (৫০) ও কাজী সোহেল (৩৭)।
 
বৃহস্পতিবার দুপুরে রাজউক ভবনে টেন্ডারবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং একটি গ্রুপ আরেকটি গ্রুপের টেন্ডার শিডিউল ছিঁড়ে ফেলার সময় র্যাব তাদের আটক করে।
 
র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম সারোয়ার বলেন, পূর্বাঞ্চল ও উত্তরায় ফ্ল্যাট নির্মানের দরপত্র জমা দেয়ার জন্য প্রধান ভবনের ৫ম তলায় ও বর্ধিত ভবনের তিন তলায় দুইটি টেন্ডার বাক্স রাখা রয়েছে। দুপুর ১টার দিকে একটি গ্রুপ টেন্ডার জমা দিতে গেলে একটি গ্রুপ বাধা দেয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া চলে। রাজউক ভবনের দোতালা থেকে চতুর্থ তলা পর্যন্ত তিনটি তলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একটি গ্রুপ দরপত্র জমা দিতে আসা গ্রুপের কাছ থেকে শিডিউল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। ওই সময় উভয় গ্রুপ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছে বলে রাজউকের একাধিক প্রত্যক্ষদর্শী কর্মচারীরা জানিয়েছেন। খবর পেয়ে র্যাব-৩-এর একটি দল রাজউক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।