নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক যুবককে গুলি করেছে তার প্রতিপক্ষ। আধিপত্য বিস্তার ও মাদকের কারবার নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়ে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার টাগারপাড় এলাকায় ওই যুবককে গুলি করে হত্যা করা হয়।
নিহত আশরাফুল ইসলাম বাবু (৩২) ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি গার্মেন্টসের ‘স্টক লটের’ ব্যবসায় জড়িত ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, টাগারপাড় এলাকার ৩০টি গার্মেন্টসের পরিত্যক্ত কাটা কাপড় ও মাদকের কারবার নিয়ে এলাকার দু’টি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রফিক এক সহযোগীকে নিয়ে মোটর সাইকেলে করে এলাকায় আসে। এ সময় বাবু ও তার কয়েকজন সহযোগী রফিকের মোটর সাইকেলের গতি রোধ করে।
এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। রফিক এক পর্যায়ে বাবুর শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করলে বাবু লুটিয়ে পড়ে। পরে রফিক ও তার সহযোগী পালিয়ে যায়।