গাজীপুরে কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লেগুনার চালক সাইদুর রহমান (২০), যাত্রী মনি (২৫) ও অজ্ঞাত পরিচয় দুই পুরুষ রয়েছেন। আহতরাও সবাই লেগুনার আরোহী ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নাওজোড় এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যায়। পাঁচ যাত্রী আহত হয়।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।