টানা বর্ষণে পানিবন্দী চট্টগ্রাম নগরবাসী

টানা বর্ষণে অথৈ জলে যেন ভাসছে চট্টগ্রাম নগরবাসী। তলিয়ে গেছে নগরীর অধিকাংশ নিচু এলাকা। ছুটির দিনে চরম দুর্ভোগে পড়েছে লোকজন। 
 
বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বর্ষণ হয়েছে নগরীতে। 
 
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৩ দশমিক শূন্য ৮ মিলিমিটার। শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩৮ দশমিক শূন্য ৪ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে জোয়ারের পানি যুক্ত হয়ে দুর্ভোগ আরও বেড়ে গেছে এলাকাবাসীর।
 
নগরীর অক্সিজেন, হামজারবাগ, মুরাদপুর, আতুরার ডিপো, বহদ্দারহাট, শুলকবহর, কাতালগঞ্জ, নাসিরাবাদ, বায়োজিদ, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, খাজা রোড, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চাক্তাই, কোরবানিগঞ্জ, মাস্টারপুল, বৌ বাজার, মিয়াখান নগর, রাজাখালী, দেওয়ানবাজার, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর, পাহাড়তলী, সরাইপাড়া, সাগরিকা, কাঁচারাস্তার মাথা ও পতেঙ্গার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।
 
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
 
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।