ভূমধ্যসাগরে ছোট নৌকা ডুবে ৪০ জনেরও বেশি অভিবাসী প্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ার উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বেঁচে যাওয়া যাত্রীরা জাতিসংঘ ও সাহায্য সংস্থাকে জানিয়েছেন, বুধবার যাত্রা করার সময় নৌকাটিতে ১২০ জনেরও বেশি যাত্রী ছিল।
ডুবে যাওয়া যাত্রীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ৯০ জনের মতো যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা পরে ইতালিতে পৌঁছেছেন।
জাতিসংঘ বলেছে, চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ৬০ হাজারের মতো মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেছেন। এদের মধ্যে এক হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসী নিহত হয়েছেন। সূত্র: বিবিসি।