চট্টগ্রাম টেস্ট: চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত

বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
 
মৌসুমী বায়ুর প্রভাবে ভোর থেকে চট্টগ্রামে বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ােয় নি। পতেঙ্গা আবহাওয়া অধিদফতর জানিয়েছে সারা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যাওয়ার ফলে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি। এখনো বৃষ্টি হচ্ছে। পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ আফ্রিকা দল হোটেল থেকেই বের হয়নি। 
 
গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের শেষ সেশনে ১২.১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। দুই ওপেনার স্টিয়ান ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।
 
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।