এক গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হয়ে মারপিটের শিকার হয়ে থানায় অভিযোগ করলে সপরিবারে স্বামী, দুই পুত্র, দেবর ও ভাতিজাসহ আবারো হামলার শিকার হয়েছেন। হামলার সময় বখাটেরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
জানা গেছে, নাটারের লালপুর উপজেলার বেলগাছী গ্রামে রোকেয়া খাতুন (৩৫) নামের এক গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ ঘটনায় থানা ও স্থানীয় ইউপি সদস্যের কাছে অভিযোগ দেওয়ায় বৃহস্পতিবার রাতে রোকেয়ার বাড়িতে হামলা করে তার স্বামী শুকচান মন্ডল (৪২) সহ পাঁচজনকে কুপিয়ে জখম করে তারা। আহতরা হলেন, রোকেয়া খাতুনের দুই পুত্র শাহীন (২৪) ও সাহাজুল (১৮), দেবর ফজলু (৩২) এবং ভাতিজা শাহ আলম (৩৫)।
আহতদের মধ্যে শুকচান মন্ডলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের লালপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, ‘ইতিপূর্বে তার কাছে কোন অভিযোগ আসেনি। তবে বৃহস্পতিবারের ঘটনা তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’