ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যবাদী বলে দাবি করেছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির শীর্ষস্থানীয় নেতা ও প্রভাবশালী মন্ত্রী আজম খান। তিনি বলেন, ‘মোদি অপরাধী ও লুটেরা হওয়ার পাশাপাশি ১ নম্বর মিথ্যাবাদীও।’ সম্প্রতি এক ঈদ পুনর্মিলনীতে এমন মন্তব্য করেন আজম খান। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে আজম খানের এই কটূক্তি বিষয়ক সংবাদ প্রকাশিত হয়েছে। খবর এনডিটিভির।
আজম খান বলেন, ‘গুগলে যদি বিশ্বের সেরা ১০ অপরাধী সার্চ করা হয়, তাহলে নিজেদের বাদশাহর নামও চলে আসে।’
মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাদশাহ নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে কিছুই পূরণ করেননি। সবার ব্যাংক একাউন্টে ১৫ লাখ টাকাও আসেনি, মুদ্রাস্ফীতিও কমেনি, সবার কর্মসংস্থানও হয়নি।’
আজম খান বলেন, ‘একটি বড় গণতান্ত্রিক দেশের বাদশাহ যদি মিথ্যা কথা বলেন এবং দেশের ১২৫ কোটি মানুষকে মিথ্যা স্বপ্ন দেখান, তাতে সমগ্র দেশ এবং মানবতার ক্ষতি হয়।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সরাসরি উল্লেখ না করে তার পরিবর্তে ‘বাদশাহ’ ব্যবহার করে থাকেন আজম খান।