গাজীপুরে সার্কাসের একটি হাতি তাণ্ডব চালিয়ে একটি লেগুনা, কয়েকটি টেম্পু ভাংচুর ও একটি বড় সোলার বিদ্যুতের খুঁটি ফেলে দিয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে সার্কাসের একটি হাতি হঠাৎ উত্তেজিত হয়ে পূর্ব চান্দনা এলাকায় ধীরাশ্রম-জয়দেবপুর রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি টেম্পু উল্টে ফেলে এবং লেগুনাসহ তিনটি টেম্পু ভাংচুর করে। এ সময় আশপাশের লোকজন আতংকে ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে লোকজন লাঠিসোঠা নিয়ে হাতিটিকে ধাওয়া দিলে সেটি পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের গোরস্থানের ভিতর জঙ্গলে চলে যায়।
লেগুনা চালক তারা মিয়া জানান, তিনি সিটি কর্পোরেশনের বাসন এলাকা থেকে ছাগল নিয়ে পার্শ্ববর্তী হাটে আসেন। ছাগল হাটে নামিয়ে দিয়ে লেগুনাটি পানি দিয়ে পরিষ্কার জন্য ওই স্থানে রাখা হয়েছিল। পরে হাতিটি এ ঘটনা ঘটায়।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সার্কাসের লোকজন ছুটে আসে। তারা হাতিটিকে শান্ত করার চেষ্টা করে।
জয়দেবপুর থানার এসআই আঃ হামিদ জানান, হাতিটি উত্তেজিত হয়ে যানবাহন ভাংচুর করলেও কেউ হতাহত হয়নি।
দি লায়ন সার্কাসের হাতির পরিচালক (মাহুত) মোঃ মাসুদ মিয়া জানান, হাতিটিকে গোসল করাতে ওই এলাকায় আনা হয়েছিল। হঠাৎ প্রাকৃতিক কারণে শারিরিক উত্তেজনায় হাতিটি এ ঘটনা ঘটিয়েছে।