তানোরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার


নিখোঁজের দু’দিন পর তানোরে উপজেলার কোয়েলহাট বিল থেকে স্থানীয় কৃষক গোলাম রাব্বানীর (৪৫) লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় স্থানীয়রা বিলের পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখে তার বািড়েত খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ উদ্ধার ও সনাক্ত করেন।

রাব্বানী উপজেলার কলমা ইউপির গংগারামপুর গ্রামের মৃত মোহাম্মদ দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট বিলের নারায়নপুর নামকস্থানে মাছ ধরতে যান রাব্বানী। বিলে কিছুক্ষণ মাছ ধরার পর সাঁতার কেটে যাওয়ার সময় বিলের মাঝখানে তিনি ডুবে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। শেষ পর্যন্ত শুক্রবার সকালে স্থানীয়রা রাব্বানীর মরদেহ বিলের পানিতে ভেসে থাকতে দেখতে পান।

এ ব্যাপারে তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিলের পানিতে ডুবে রাব্বানী মারা গেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান দেখবেন বলে জানান ওই কর্মকর্তা।