শিমুলিয়ায় লঞ্চ চাপায় যাত্রীর পা বিচ্ছিন্ন

জেলার লৌহজং উপজেলার শিমুলিয়ায় লঞ্চ চাপায় (৫৫) এক যাত্রীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার দুপুরে এমএল নাহার লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি শরিয়তপুরের জেলায়। তবে তার নাম জানা যায়নি।
 
জানা গেছে, ওই ব্যক্তি ঢাকার উদ্দেশ্যে কাওড়াকান্দি থেকে লঞ্চ করে শিমুলয়ায় আসে। এ সময় লঞ্চ থেকে নামতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
লঞ্চটির সুকানি মো. সামসুল হক বলেন, ‘মাঝিকান্দি ঘাট থেকে যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে এসে লঞ্চ নোঙর করার সময় ওই যাত্রীর পা পিছলে লঞ্চের আরনি ও পল্টুনের সাথে চাপ লাগে। এ সময় যাত্রীর বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে পাশ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।’
 
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লঞ্চের সুকানি সামসুল হককে লৌহজং থানা পুলিশ আটক করে নিয়ে গেছে।’
 
এ দিকে বিআইডব্লিউটিএর ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক (টি.আই) তোফাজ্জল হোসেন পাটওয়ারির জানান, ঘটনার পরপরই তিনি  ঘটনাস্থলে ছুটে গেছেন।
 
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
 
তিনি আরো জানান, শ্রীনগর স্বাস্থ্য কেন্দ্রে খোঁজ নিয়ে পুলিশ আহত যাত্রীর কোন সন্ধান পায়নি। তবে অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নতুবা আটক সুকানিকে কারো জিম্মায় ছেড়ে দেয়া হবে।