‘বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে এসেছে’

 
 
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপি পেট্রোল ও ককটেল বোমার রাজনীতি থেকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে এসেছে। দলটি এখন বিভ্রান্তির রাজনীতি থেকেও ফিরে আসবে বলে আশা করি।’
 
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন না করে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী সর্বজনীনভাবে পালনে সহযোগিতা করলেই সমঝোতার রাজনীতি আরেক ধাপ এগিয়ে যাবে। একই সঙ্গে গণতন্ত্রের অভিযাত্রায় এক ধাপ এগিয়ে যাব। আমরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে অমলিন ও সমুন্নত রাখার জন্য একটি সমঝোতার ভিত্তি খুঁজে পাব। কাজেই আসুন আমরা একটি নতুন সূচনা করি।’
 
 
সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, নৌকা সমর্থক গোষ্ঠীর মহাসচিব হুমায়ূন কবির মিজি।